তুষারধসে আটকে ৪ শ্রমিক! খোঁজে ড্রোন

0
157
ছবি সৌজন্যে : এক্স

বদ্রীনাথে তুষারধসে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে এ বার উন্নত প্রযুক্তির ড্রোনের সাহায্য নিতে চলেছে উদ্ধারকারী দল। উত্তরাখণ্ডের মানা গ্রামে তুষারধসের ঘটনার দু’দিনের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। ৫০ জন শ্রমিককে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হলেও বাকি চার জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকারী দল সূত্রে খবর, আবহাওয়া অনুকূল থাকলে ঘটনাস্থলে উন্নতমানের ড্রোন উড়িয়ে শ্রমিকদের খোঁজ চালানো হবে। এ ছাড়াও কোয়াডকপ্টার এবং মনুষ্যবিহীন আকাশযানও ব্যবহার করা হতে পারে। 

শুক্রবার উত্তরাখণ্ডের চামোলী জেলায় বদরীনাথের অদূরে মানা গ্রামে তুষারধস নামে। ওই গ্রামেরই বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও-র অন্তত ৫৫ জন শ্রমিক আটকে পড়েন। ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তো বটেই, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও। ভারতীয় সেনাও হাত লাগায় উদ্ধারকাজে। তবে শুক্রবার আবহাওয়া প্রতিকূল হওয়ায় পদে পদে উদ্ধারকাজ থমকে যায়। দৃশ্যমানতা কম থাকায় নামানো যায়নি সেনা হেলিকপ্টারও।

তবে শনিবার সকাল থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই হেলিকপ্টার নামিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার কাজ চলছে। শুধু হেলিকপ্টার নয়, উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ভিকটিম লোকেটিং ক্যামেরা, থার্মাল ইমেজিং ক্যামেরা, উদ্ধারকারী কুকুরের দলকে। মোট ছ’টি হেলিকপ্টারকে উদ্ধারকাজে লাগানো হয়েছে।