জয়পুরে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত ৪ শ্রমিক 

0
99
ছবি সৌজন্যে : এক্স
জুয়েলারি ফার্মের সেপটিক ট্যাঙ্কে সোনা খুঁজতে নেমে মর্মান্তিক মৃত্যু হয়েছে চার শ্রমিকের। এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরে সীতাপুরা ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সঞ্জীব পাল, হিমাংশু সিং এবং রোহিত পাল এবং অর্পিত যাদব। চার শ্রমিকই উত্তরপ্রদেশের বাসিন্দা। এ ছাড়াও অমিত চৌহান এবং রাজ পাল নামে দুই শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম অমিত পাল এবং সুরজ পাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঙ্গানের সদর থানা পুলিশ। জানা গিয়েছে, সোমবার রাতে দুই শ্রমিক সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কারণে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন। নিচে থেকে কোনও সাড়া না পাওয়া যাওয়ায় অন্য শ্রমিকরা ট্যাঙ্কের ভিতরে নামেন।
তাঁরাও বিষাক্ত গ্যাসের শিকার হন। ঘটনার খবর পাওয়া মাত্রই সাঙ্গানের সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শ্রমিকদের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে স্থানীয় মহাত্মা গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন।