
গুজরাটে রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে ৪ জন শ্রমিকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। আর এই ঘটনা ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার কথা ফের মনে করিয়ে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে গুজরাটের বাহরুচ জেলার দাহেজে। পুলিশ সূত্রে খবর, গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানাতে। আচমকাই কারখানার একতলার একটি পাইপ থেকে গ্যাস লিক করতে শুরু করে। সেই সময়ে কারখানায় উপস্থিত ছিলেন ৪ জন কর্মী। বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস নিতে নিতে অসুস্থ হয়ে পড়েন সকলেই।কারখানার মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন ওই চারজন। খবর পেয়েই কারখানায় গিয়ে উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। রবিবার ভোররাতে সেখানেই মৃত্যু হয় তিনজনের। সকাল ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চতুর্থ শ্রমিক। দাহেজ থানার ইনস্পেক্টর বিএম পাটিদার জানিয়েছেন, চারজনের ময়নাতদন্ত হয়েছে। কীভাবে গ্যাস লিক করল, সেটা জানতেও চলছে তদন্ত।
উল্লেখ্য, বছর তিনেক আগে গুজরাটের সুরাটে গ্যাস লিক করে ৬ জনের মৃত্যু হয়েছিল। কেন এইভাবে কারখানা থেকে গ্যাস লিক করছে, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
