সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে মৃত ৪ শ্রমিক

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
গুজরাটের সুরাটের এক কারখানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
সুরাট পুলিশের ডেপুটি কমিশনার অলোক কুমার বলেছেন, এই ঘটনা ঘটেছে সুরাটের অশ্বিনী কুমার এলাকার এক কারখানায়। ওই সেপটিক ট্যাঙ্কে গয়না পরিষ্কারে ব্যবহৃত বর্জ্য জমা রাখা হত।
প্রতি দু’মাস অন্তর তা পরিষ্কার করানো হত। রবিবার ট্যাঙ্ক পরিষ্কারের জন্য চারজন সেখানে ঢুকেছিলেন। অনুমান করা হচ্ছে, ভিতরে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ওই শ্রমিকদের কাজ করানোর জন্য কারখানার কর্তৃপক্ষ যথাযথভাবে নিরাপত্তাবিধি পালন করেনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।