
প্রায় ৪০ হাজার প্যালেস্টাইনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছে।তবে সেখানে কোনো উৎসবের আমেজ ছিল না।
পরিবর্তে গাজা উপত্যকায় আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের শিকারদের জন্য শোক দেখা গেছে মুসল্লিদের মাঝে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৪০ হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছে। তবে কঠোর বিধি-নিষেধের কারণে হাজারো মুসল্লিকে আল-আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, ইসরায়েলি বাহিনী সকালে আল-আকসা মসজিদে যাওয়ার পথে এবং সেখান থেকে বের হওয়ার সময় মুসল্লিদের ওপর হামলা চালায় এবং অনেককে ঈদের নামাজ পড়ার জন্য প্রবেশ করতে বাধা দেয়।ওয়াফা আরো বলেছে, দখলদার বাহিনী আল-আকসা মসজিদের আঙিনায় প্রবেশ করে,মুসল্লিদের পরিচয় যাচাই করে,তাদের চলাচলে বাধা দেয়, অনেক যুবককে প্রবেশ করতে বাধা দেয় এবং মসজিদের দরজার বাইরে নামাজ পড়তে বাধ্য করে।এদিকে মুসল্লিদের প্রবেশে ইসরায়েলি সেনাবাহিনীর আরোপিত নিরাপত্তা নিষেধাজ্ঞা সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের ইব্রাহিমি মসজিদে হাজারো প্যালেস্টাইনি ঈদুল আজহার নামাজ আদায় করেছে।
