
ভোজনরসিকদের জন্য সুখবর ৷ বৃষ্টির মধ্যে মৎসজীবীদের জালে উঠেছে ৪০০ টন রুপোলি শস্য ৷ প্রাকৃতিক বিপর্যয় ঘোষণার মধ্যেই সেই বিপুল পরিমাণ ইলিশ নিয়ে কুলে ফিরেছে ট্রলারগুলি ৷ এরপর সেখান থেকে ইলিশ মাছগুলি আনা হয় ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মাছের আড়তে ৷
ওখান থেকে চলে যাবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বাজারে ৷ গত জুন মাসের ১৪ তারিখ রাত থেকে ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল । প্রথম এক সপ্তাহ মৎস্যজীবীদের জালে ভালো ইলিশ মাছ ধরা পড়ে। কিন্তু এরপর থেকেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রায় এক মাস আর ইলিশের দেখা মেলেনি। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা।
তার মধ্যে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণায় গভীর সমুদ্রে যাওয়ামাত্রই ফিরতে হচ্ছিল তাঁদের । তবে এবারে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা হওয়ার পর বাড়ি ফেরার আগে জালে পড়েছে প্রচুর ইলিশ ৷ আর এত পরিমাণ ইলিশের দেখা মিলতে মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি।
