
সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত প্রায় দেড়টায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ধাক্কা লাগে।
সংঘর্ষের পর মুহূর্তে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন, আগুনে ঝলসে মৃত্যু হয়। বাসটির অধিকাংশ যাত্রীই হায়দরাবাদের বাসিন্দা। যাত্রীদের মধ্যে কয়েকজন মহিলা এবং শিশুও ছিলেন। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেন দ্রুত। রাতভর চলে দমকল এবং উদ্ধারবাহিনীর তৎপরতা। তবে সরকারিভাবে সঠিক মৃতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। এ ঘটনায় ভারতীয় দূতাবাস, তেলঙ্গানা সরকার এবং কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক পরিস্থিতির উপর নজর রাখছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আহতদের চিকিৎসা, মৃতদেহ শনাক্তকরণ এবং দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে।
জেড্ডার কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে। জানানো হয়েছে, সেখানকার ভারতীয় দূতাবাসে ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন চালু করেছে প্রশাসন। এনিয়ে টুইট করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর এক্স-এ লিখেছেন, সৌদি আরবের মদিনায় যে দুর্ঘটনা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক।







