মেক্সিকোতে অপহরণের পর ৫ শিল্পীকে খুন

0
85
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকার সীমান্তবর্তী রেইনোসা শহরে নিখোঁজ পাঁচ সংগীতশিল্পীকে অপহরণের পর হত্যা করেছে গালফ কার্টেলের সদস্যরা। মেক্সিকান কর্তৃপক্ষের তরফে তামাউলিপাস রাজ্যের অ্যাটর্নি জেনারেল ইরভিং বারিওস মোহিকা জানিয়েছেন,কুখ্যাত গালফ কার্টেলের ৯ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র ও দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়।

মোহিকা বলেছেন, গ্রুপো ফিউজিটিভো নামে পরিচিত এই ব্যান্ডের সদস্যরা ২৫ মে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে অপহরণের শিকার হন।এরপরই তাদের পরিবার থেকে মুক্তিপণ দাবি করে অপরাধীরা। মেক্সিকান আঞ্চলিক সংগীত পরিবেশন করা এই সংগীতশিল্পীদের বয়স ছিল ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা স্থানীয় পার্টি ও নাচের অনুষ্ঠানে নিয়মিত সংগীত পরিবেশন করতেন।

সংগীতশিল্পীদের কি তাদের গানের জন্য হত্যা করা হয়েছে, নাকি স্থানীয় সহিংসতায় জড়িয়ে পড়েছিলেন তা নিয়ে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এই হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করছে মেক্সিকান পুলিশ। উল্লেখ্য, আমেরিকার ট্রাম্প প্রশাসন গালফ কার্টেলকে,বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর আগে,চলতি বছরের জানুয়ারিতে মেক্সিকো ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস।