গুরুগ্রামে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত ৫, আহত ১

0
103
ছবি সৌজন্যে : এক্স
শনিবার ভোরে গুরুগ্রামের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। জানা যাচ্ছে, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় চার চাকার গাড়ি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা দুর্ঘটনাগ্রস্ত সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই পাঁচজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামের রাজীব চকের দিকে যাওয়ার সময়ে ন্যাশনাল হাইওয়ে-৪৮ এর কাছে দুর্ঘটনা ঘটেছে। গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল।
সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বলে প্রাথমিক তদন্তের পরে অনুমান পুলিশের। তবে এ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, গাড়িটি উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামের দিকে যাচ্ছিল। জাতীয় সড়কে ওঠার পরেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল, গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে।