
উত্তরপ্রদেশের আগ্রায় ফের বেপরোয়া গতির বলি ৫ পথচারী। আগ্রার নাগলা বুধি এলাকায় শুক্রবার রাতে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন।
মৃতরা হলেন, বাবলি, ভানু প্রতাপ, কমল, কৃষ্ণ এবং বনতেশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে একটি টাটা নেক্সন গাড়ি তীব্র গতিতে প্রথমে একটি চলন্ত মোটরবাইকে ধাক্কা মারে। এর পরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ৫ জনকে পিষে দিয়েছে। এরপরে তা একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারে। এত জোরে ধাক্কা লাগে যে গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক দোকানদার জানিয়েছেন, গাড়িটি তীব্র গতিতে তাঁর দোকানের সামনে দিয়ে গিয়েছিল। তারপরেই তিনি একটি বিকট শব্দ শুনতে পান। দোকানের বাইরে বেরিয়ে তিনি দেখেন, গাড়িটি রাস্তার পাশে ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং বেশ কয়েকজন মানুষ গাড়ির তলায় চাপা পড়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করেন। তাঁরাই পুলিশে খবর দেন এবং চালককে পুলিশের হাতে তুলে দিয়েছেন।







