বৈষ্ণোদেবী দর্শন করে ফেরার পথে মৃত ৫

0
37
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
রাজস্থানের আলওয়ারে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন লেগে মৃত একই পরিবারের পাঁচজন সদস্য। জানা যাচ্ছে, বৈষ্ণোদেবী থেকে বাড়ি ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে আগুন গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে যার ফলে ভিতরে থাকা যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি।
নিহতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা, একজন পুরুষ এবং এক শিশু। তাঁরা মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত প্রায় ১১টার সময় লক্ষণগড় থানা এলাকার মৌজপুর সংলগ্ন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। পরিবারটি একটি গাড়ি ভাড়া করে বৈষ্ণোদেবী দর্শন শেষে ফিরছিল।
যাত্রাপথে হঠাৎ গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, গাড়িটি সিএনজি ও পেট্রোল দুই ধরনের জ্বালানিতে চলত। গ্যাস লিক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। মৃতদেহগুলো শনাক্তকরণের কাজ করছে ফরেনসিক দল। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।