কাবেরী নদীতে ছবি তুলতে গিয়ে তলিয়ে মৃত ৫

0
24
ছবি সৌজন্যে : এক্স
কর্নাটকের মান্ডিয়ায় মুথাতি এলাকায় কাবেরী নদীর জলে তলিয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নদীর ধারে ছবি তুলতে গিয়েছিল ওই পরিবার। প্রবল স্রোতের কবলে পড়ে একে একে তলিয়ে যান তাঁরা।
মৃত্যু হয়েছে চৈত্রা, প্রিয়ঙ্কা, শ্বেতা, বিজয়াম্মা এবং মহেশ-র। তাঁদের সকলের বাড়ি কর্নাটকের চান্নাপাটনার বিয়াদারাহল্লি এলাকায়। পরিবারের সদস্যরা এদিন বিখ্যাত মুথাথিরায়া মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।
ধর্মীয় আচার সম্পন্ন করার পর তাঁরা কাবেরী নদীর তীরে যান। সেখানেই জলে নেমে ছবি তোলার সময় আচমকা প্রবল স্রোত আসে, ভেসে যান কয়েকজন। তাঁদের উদ্ধার করতে গিয়ে বাকিরাও জলে তলিয়ে যান বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হালাগুরু থানার পুলিশ। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। তল্লাশি চালিয়ে অল্প সময়ের মধ্যেই পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই হালাগুরু থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।