গুজরাতে ৫ জইশ জঙ্গি গ্রেফতার

0
19
ছবি সৌজন্যে : এক্স

গুজরাতের কয়েকটি জেলা থেকে জইশ জঙ্গিগোষ্ঠীর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রাজ্যের সন্ত্রাসদমন শাখা, এটিএস। তদন্তকারী সূত্রের খবর, ধৃতেরা টাইম বোমা বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় হামলার ছক কষছিল। কিন্তু তার আগেই জঙ্গিদের গ্রেফতার করেছে পুলিশ।

সপ্তাহখানেক আগেই গুজরাত এবং মধ্যপ্রদেশ থেকে জইশের স্লিপার সেল-এর আট সদস্যকে গ্রেফতার করেছিল এটিএস। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে মগজধোলাই করা হত বলে দাবি তদন্তকারীদের। শুধু তা-ই নয়, জঙ্গিদলে নিয়োগ, হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে দাবি।সেই গ্রেফতারির পর সেই গুজরাত থেকেই জইশের আরও পাঁচ জঙ্গি গ্রেফতার হওয়ায় হুলস্থুল পড়ে গিয়েছে।

এটিএস সূত্রে খবর, ভারতে হামলার জন্য বিস্ফোরক সংগ্রহ করছিলেন জইশের সদস্যেরা। টাইম বোমা বানানোর কৌশল এবং নানা ধরনের বিস্ফোরক বানাতেও দক্ষ ধৃতেরা। তদন্তকারীদের দাবি, পাকিস্তান থেকে সমস্ত নির্দেশ আসছিল এই জঙ্গিদের কাছে। শুধু তা-ই নয়, সেকেন্ডহ্যান্ড গাড়ি কিনতেও বলা হয়েছিল ধৃতদের। আর সেই নির্দেশ এসেছিল পাকিস্তান থেকে। তদন্তকারী সূত্রে খবর, গুজরাতে দারুল ইসলাম নামে একটি সংগঠন তৈরি করে জঙ্গি কার্যকলাপে মদত জোগানোর কাজ করছিলেন ধৃতেরা। এই নিয়ে জইশের স্লিপার সেল-এর মোট ১৩ জন সদস্যকে গ্রেফতার করেছে গুজরাত এটিএস।