
অগ্নিদগ্ধ হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদাবাদের আরও এক জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে তাজিবুর শেখ নামে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার চার জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।
তার মধ্যে হরিহরপাড়া থানা এলাকার জাহিদ আলি এবং বহরমপুর থানা এলাকার সাফিজুল শেখ, মিনারুল শেখ ও জিয়াবুর শেখ।গত সোমবার গভীর রাতে কর্নাটকের রামনগর জেলার বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উপরে বিডাডি এলাকায় সিলিন্ডারের আগুনে পুড়ে দগ্ধ হন মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক। তাঁদের সেই রাতেই স্থানীয় ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করানো করা হয়। সেখানেই চার দিন ধরে চিকিৎসাধীন থাকার পরে পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনার দিন বেঙ্গালুরুতে কাজের জায়গায় একটা বড় ঘরে সাত জন শ্রমিক ঘুমিয়েছিলেন। রাতের রান্না শেষ করে গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তা থেকেই কোনও ভাবে গ্যাস বের হয়। রাত ২টো নাগাদ ওই সাত জনের মধ্যে একজন বাথরুমে গিয়েছিলেন।
জ্বলন্ত বিড়ি মুখে নিয়ে ঘরে ঢুকতেই গোটা ঘরে দাউদাউ করে আগুন ধরে যায় বলে খবর। সেই আগুনে পুড়ে গুরুতর জখম হন তাঁরা। পাশের ঘরে থাকা অন্য পরিযায়ী শ্রমিকরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মুর্শিদাবাদের যে দু’জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁরা হলেন— বহরমপুর থানা এলাকার পাঁচপীরতলার হাসান মল্লিক এবং নগড়াজল টিকটিকিপাড়ার নুর জামাল শেখ।




