
দিল্লির উত্তম নগরে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধভাবে তারা ভারতে বসবাস করছিল বলে জানা গিয়েছে। ওই ৫ জনের কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় পাওয়া গিয়েছে ।
গ্রেফতারের পর তাঁদের দিল্লির আরকে পুরম এলাকার বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস -এ নিয়ে যাওয়া হয়েছে । সেখানে প্রযোজনীয় নথিপত্র তৈরি করার পর তাঁদের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, উত্তর নগর থানার অধীনে উত্তম নগর মেট্রো স্টেশনের কাছে কালি বস্তিতে ৫ অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন বলে জানা গিয়েছে । জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছে , অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে তারা। পুলিশ তাঁদের মোবাইল ফোন পরীক্ষা করে নিশ্চিত করেছে তাঁরা বাংলাদেশি নাগরিক। মোবাইল ফোনে থাকা তথ্যের মধ্যে বাংলাদেশি সিমকার্ড এবং মোবাইল নম্বর পাওয়া গিয়েছে ।
ভারত সরকারের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে । সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি, শহরাঞ্চলেও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান চালানো হচ্ছে।
