
ছত্তীসগঢ়ে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত আট জওয়ানের মধ্যে পাঁচ জনই ছিলেন প্রাক্তন মাওবাদী নেতা। আত্মসমর্পণের পর বছর দুয়েক আগে নিরাপত্তাবাহিনীতে যোগ দিয়েছিলেন তাঁরা।
বস্তার পুলিশের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন হেড কনস্টেবল বুধরাম করসা, কনস্টেবল দুম্মা মারকাম, পান্ডারু রাম এবং বামন সোধি। তাঁরা সকলেই ডিআরজি বাহিনীর জওয়ান ছিলেন। এ ছাড়া, মৃত্যু হয়েছে বস্তার ফাইটার্স বাহিনীর কনস্টেবল সোমদু ভেট্টির। এঁদের মধ্যে বুধরাম এবং বামন বিজাপুরেরই স্থানীয় বাসিন্দা। বাকি তিন জন পার্শ্ববর্তী দান্তেওয়াড়া জেলার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই পাঁচ জওয়ানই আগে মাওবাদী হিসাবে সক্রিয় ছিলেন। বছর দুয়েক আগে আত্মসমর্পণের পরে পুলিশবাহিনীতে যোগ দিয়েছিলেন তাঁরা।সোমবার ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদীদের শাখা পিএলজিএ।
ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর আট জওয়ান এবং গাড়ির চালক ওই হামলায় নিহত হন। মঙ্গলবার সেই ঘটনাস্থলের মাত্র কয়েক কিলোমিটার দূরে বিজাপুরের পড়শি জেলা সুকমা থেকে আইইডি উদ্ধার করেছে পুলিশ।









