
উত্তরপ্রদেশের বাহরাইচের এক রাইস মিলে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ও শ্রমিকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাহরাইচের দরগা থানা এলাকার রাজগরিয়া রাইস মিলে। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে খবর, ওই রাইস মিলের একটি অংশে ওয়েলডিংয়ের কাজ চলছিল। সেই সময় কোনওভাবে আগুন ছিটকে এসে দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে ধান শুকনো করার ড্রায়ার কেটে বড়সড় বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।
ঘটনাস্থলে যান জেলাশাসক মনিকা রানি, এসপি রামনয়ন সিং সহ অন্যান্য আধিকারিকরা। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
