
বেঙ্গালুরুর জিন্দাল উড়ালপুলের কাছে বেপরোয়া গতির বলি ৫ যুবক। দ্রুত গতিতে আসা একটি গাড়ি উল্টে যায়। তার পরে তা গিয়ে ধাক্কা মারে বাসের সঙ্গে।
দুর্ঘটনায় ওই গাড়ির মধ্যে থাকা পাঁচ যুবকের মৃত্যু হয়। জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১ টার নাগাদ মদনায়কনাহাল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মতে, টুমাকুরু থেকে বেঙ্গালুরুর দিকে আসছিল ওই গাড়িটি। উড়ালপুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কা মারার পর দু’বার পাল্টি খেয়ে ধাক্কা মারে একটি যাত্রিবাহী বাসে।
পুলিশ জানিয়েছে, ওই বাসে ৪২ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় কোনও বাস যাত্রী আহত হননি। বাসের তেমন ক্ষতি না-হলেও গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ওই গাড়িতে চালক-সহ পাঁচ জন ছিলেন। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। চালককে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
