
অবসরপ্রাপ্ত কূটনীতিক লক্ষ্মী পুরীর মানহানি মামলায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে ৫০ লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে সোশ্যাল মডিয়ায় সাকেত গোখলেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরী ব্যক্তিগত সম্পর্কে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রী।২০২১ সালের ১৩ ও ২৬ জুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাকেত গোখলে দাবি করেন লক্ষ্মী পুরীর সুইৎজারল্যান্ডে আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। সেই পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর নামও উল্লেখ করেন তিনি।এরপরেই সাকেত গোখেলের বিরুদ্ধে দিল্লিহাইকোর্টে মানহানির মামলা করেন লক্ষ্মী পুরী। আদালতে তিনি জানিয়েছেন, সাকেত গোখেলের অভিযোগ ভিত্তিহীন। এতে তাঁর মানহানি হয়েছে। রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে ভারত সরকার তাঁকে মোতায়েন করেছিল। সেই সূত্রে সুইৎজারল্যান্ডে ছিলেন তিনি।আদালতে লক্ষ্মী পুরীর আইনজীবী সওয়াল করে বলেছিলেন, লক্ষ্মী পুরী কোনও জনপ্রতিনিধি নন। ফলে তাঁর সহমতি ছাড়া তাঁর ব্যক্তিগত লেনদেন খতিয়ে দেখা যেতে পারে না।পাল্টা সাকেত গোখলের আইনজীবী সওয়াল করেন, প্রকাশ্য জীবনে রয়েছেন এমন যে কারও সম্পত্তি নিয়ে যে কোনও নাগরিক প্রশ্ন তুলতে পারেন।দীর্ঘ সওয়ালের পর এদিন আদালত মামলার রায় দিয়েছে।
