
আগামী কয়েক বছরে আমেরিকায় তৈরি বিরল চুম্বক কেনার জন্য ৫০ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।ঘোষণায় অ্যাপল বলেছে, আগামী কয়েক বছরে আমেরিকানির্ভর কোম্পানি,এমপি মেটেরিয়ালস থেকে ৫০ কোটি ডলার মূল্যের দুর্লভ প্রকৃতির চুম্বক কিনবে তারা।
আইফোন, ম্যাকবুক ও অ্যাপল পেনসিল’সহ বিভিন্ন পণ্যে ব্যবহৃত হয় এসব চুম্বক।আমেরিকায় তৈরি এসব চুম্বক বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহও করা হবে, যাতে এ উপাদানের বাড়তে থাকা বিশ্বজুড়ে চাহিদা মেটানো যায়। এমপি মেটেরিয়ালস হচ্ছে আমেরিকায় এই বিরল চুম্বক উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান। অ্যাপল ও এমপি মেটেরিয়ালস একসঙ্গে টেক্সাসে একটি প্রসেসিং কারখানা উন্নত করার জন্যও কাজ করবে।সেখানে অ্যাপল পণ্যের জন্য বিশেষভাবে তৈরি একাধিক উৎপাদন লাইন তৈরি করবে তারা। এ কারখানার কাজ শেষ হলে উন্নত প্রযুক্তি ও গবেষণাভিত্তিক উৎপাদনে বহু নতুন চাকরির সুযোগ তৈরি হবে।অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, আমেরিকান উদ্ভাবনই সব কাজের মূল চালিকাশক্তি এবং আমেরিকার অর্থনীতিতে বিনিয়োগ আরও বাড়াতে পেরে গর্বিত। বিরল এসব মেটাল উপাদান আধুনিক প্রযুক্তি তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমেরিকায় এসব গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহ আরও শক্তিশালী করতে সাহায্য করবে এ অংশীদারিত্ব।
উল্লেখ্য ,ক্যালিফোর্নিয়ায় একটি পুনর্ব্যবহারযোগ্য কেন্দ্র গড়ে তুলতেও একসঙ্গে কাজ করবে অ্যাপল ও এমপি মেটেরিয়ালস। তারা এমন নতুন ধরনের চুম্বক উপাদান ও উদ্ভাবনী প্রসেসিং প্রযুক্তি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা চুম্বকের কার্যকারিতা আরও বাড়াবে। ২০১৯ সালে আইফোন ইলেভেন -এর ট্যাপটিক ইঞ্জিনে প্রথমবারের মতো এই উপাদানের ব্যবহার শুরু করে অ্যাপল।
