
আপাতত এক বছর শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে মাসে মাসে আর্থিক সাহায্য পাবেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকেরা। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরলেই প্রথমে তাঁদের হাতে এককালীন পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হবে। পরবর্তী এক বছর মাসে মাসেও তাঁরা পাঁচ হাজার টাকা করে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাঁরা ফিরবেন, তাঁরা ভ্রমণ সহায়তা-সহ এককালীন পাঁচ হাজার টাকা করে পাবেন। পুনর্বাসন ভাতা এটা। এর মানে এক বছর, নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। এ ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট হয়েছে শ্রম দফতর। মুখ্যমন্ত্রীর কথায়, উৎকর্ষ বাংলা আছে। সেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের কার কী দক্ষতা আছে, সেটা দেখা হবে। দক্ষতা থাকলে দরকারে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ ছাড়া আমরা জব কার্ড দেব। কর্মশ্রী প্রকল্পে ৭৮ লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া লোনের ব্যবস্থা রয়েছে। আমরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড দেব।
স্বাস্থ্যসাথী থাকবে। বাড়ি না থাকলে কমিউনিটি কোচিং সেন্টারে থাকার ব্যবস্থা হবে। স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে ছেলেমেয়েদের। কন্যাশ্রী, শিক্ষাশ্রীর সুবিধাও পাবেন।








