
ভারত থেকে বাংলাদেশে ৫০০০ টন ডিজেল আমদানি করা হচ্ছে। সূত্রের খবর , পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল আমদানি করা হবে বলে জানা গিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী, ভারত প্রতি বছর পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশকে ১৮০,০০০ টন ডিজেল সরবরাহ করবে। এখন যে ৫০০০ টন ডিজেল আসছে তা সেই চুক্তির একটি অংশ। তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী, ছয় মাসের মধ্যে বাংলাদেশে কমপক্ষে ৯০০০০ টন ডিজেল আমদানি করতে হবে। আশা করা যাচ্ছে, আগামী দুই মাসের মধ্যে পুরো ছয় মাসের জন্য মোট ডিজেলের পরিমাণ আনতে পারব।
প্রসঙ্গত , ইরানে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলা বর্তমানে একাদশ দিনে পড়েছে। গত ২৮ শে ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। পাল্টা প্রত্যাঘাত করে ইরান।এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে।
