মিড ডে মিলেই ৫৬ ভোগ!

0
100
ছবি সৌজন্যে : নিজস্ব
নদিয়ার মায়াপুরের মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট-এ মিড-ডে মিলেই পরিবেশন করা হয়েছে জগন্নাথদেবের ঐতিহ্যবাহী ৫৬ ভোগ। পুষ্পান্ন, ফ্রাইড রাইস, বিভিন্ন ধরনের ভাজা, শাক, তরকারি, ফল, খাজা, মালপোয়া, পাটিসাপটা, পরমান্ন থেকে শুরু করে একাধিক মিষ্টি—থরে থরে সাজানো ছিল নানা পদ।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, রথযাত্রা উপলক্ষে জগন্নাথ-দেবের পুজো ও নিবেদনের পর ছাত্রছাত্রীদের জন্য মিড-ডে মিলের অংশ হিসেবেই পরিবেশন করা হয় মহাপ্রসাদ ৫৬ ভোগ। সম্পূর্ণ নিরামিষ এই ভোজকে ঘিরে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যগোপাল মণ্ডল জানিয়েছেন, শিক্ষক-শিক্ষিকাদের যৌথ আর্থিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণেই এই বিশেষ আয়োজন সম্ভব হয়েছে। প্রত্যেক শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে সহযোগিতা করেছেন। প্রায় ৪০০ জনের জন্য এই বিশেষ ভোজের আয়োজন করা হয়।
ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরাও সেই মহাপ্রসাদ গ্রহণ করেন।