
হড়পা বানে বিধ্বস্ত উত্তরকাশীর ধারালি এবং হর্ষিল উপত্যকা থেকে গত তিন দিনে ৫৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হর্ষিল এবং মাতলিতে নিয়ে যাওয়া হয়েছে। ১১২ জনকে এয়ারলিফট করে দেরাদুনে জলি গ্রান্ট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া আরও ৩০০ জনকে উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন প্রশাসন।
উদ্ধারকাজে নামানো হয়েছে ডগ স্কোয়াড, ড্রোন এবং গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার। অপারেশন ধারালি-তে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীল, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বড়ার রোড অর্গানাইজেশন এবং স্থানীয় প্রশাসন। হর্ষিল সেক্টরে দ্রুত যোগাযোগের ব্যবস্থা তৈরি করে আটকে থাকা লোকজনের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।
মাতলি থেকে হর্ষিলে যোগাযোগের জন্য উত্তরাখণ্ড সরকারের চারটি হেলিকপ্টারকে কাজে লাগানো হয়েছে। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে বার করার জন্য আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। ধারালির সঙ্গে যোগাযোগের রাস্তাঘাট পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় হেলিকপ্টারের মাধ্যমেই উদ্ধারকাজ চালানো হচ্ছে।








