
ভারতের কর কাঠামোয় আসছে বড় রদবদল। বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনের জিএসটি কাউন্সিলের বৈঠক। আলোচনার কেন্দ্রে থাকছে কর সরলীকরণ। চার ধাপের বদলে জিএসটির কাঠামো হতে পারে মাত্র দুই স্তরের, ৫ শতাংশ ও ১৮ শতাংশ।
এই প্রস্তাব কার্যকর হলে সাধারণ মানুষের খরচ অনেকটাই কমতে পারে। ১২ শতাংশ স্ল্যাবে থাকা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন ঘি, বাদাম, প্যাকেজড জল, নন-অ্যারেটেড পানীয়, নোনতা খাবার, ওষুধ এবং মেডিক্যাল ডিভাইস নামিয়ে আনা হতে পারে ৫ শতাংশে। সাধারণ পণ্য যেমন পেনসিল, সাইকেল, ছাতা, হেয়ারপিন, সবই সস্তা হতে পারে।গৃহস্থালি কাজে ব্যবহৃত ইলেকট্রনিকস পণ্যের দামও কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ২৮ শতাংশ হারে করযুক্ত টেলিভিশন, ওয়াশিং মেশিন, ফ্রিজ চলে যেতে পারে ১৮ শতাংশ স্ল্যাবে। ছোট গাড়ি এবং এয়ার কন্ডিশনারও সস্তা হতে পারে। তবে সবকিছু যে সস্তা হবে তা নয়। বিলাসবহুল দ্রব্য এবং তথাকথিত সিন গুডস-এর উপর করের বোঝা বাড়তে পারে।
প্রিমিয়াম গাড়ি, এসইউভি-র উপর নতুন ৪০ শতাংশ কর আরোপের প্রস্তাব রয়েছে। তামাকজাত দ্রব্য, পান মশলা, দামি পোশাক এবং প্রিমিয়াম বিমান ভ্রমণেও কর বেড়ে যেতে পারে। ইলেকট্রিক গাড়িকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।









