
কেন্দ্রের সহযোগ পোর্টাল ব্যবহার করে এক বছরে দু’হাজারেরও বেশি ব্লক আদেশ জারি করা হয়েছে। অর্থাৎ, দিনে গড়ে ৬টি করে ব্লক নিদান পাঠানো হয়েছে।
শুধু অনলাইন পোস্ট বা লিঙ্কই নয়, গোটা অ্যাকাউন্ট ব্লক করারও নির্দেশ গিয়েছে। এর মধ্যে সিংহভাগই পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। গত বছরের অক্টোবরে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পোর্টালটি চালু করে। পোর্টালের দায়িত্বে রয়েছে মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। পোর্টালটি চালু করার মূল উদ্দেশ্য ছিল অনলাইন মাধ্যম অবৈধ বিষয়বস্তু দ্রুত সরিয়ে ফেলা।
সাইবার অপরাধ দমনকারী তদন্তকারী সংস্থা এবং বিভিন্ন ইন্টারনেট প্লাটফর্মের মধ্যে সমন্বয় রাখারও এই পোর্টালের অন্যতম উদ্দেশ্য। কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংস্থাগুলিও এই পোর্টাল ব্যবহার করতে পারে। প্রয়োজন অনুসারে তারাও এই পোর্টালের মাধ্যমে অনলাইন প্লাটফর্মগুলিকে ব্লক আদেশ দিতে পারে।
