
পুদুচেরিতে দূষিত জল পান করে ৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৪০ জনেরও বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় পুদুচেরির অল ইন্ডিয়া এনআর কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে সেখানকার বিরোধী দল ডিএমকে-সহ সমাজকর্মীরা। জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে, পুদুচেরির অরলিনপেটের গোবিন্দসালাই এবং নেলিখোপের কিছু অংশের বাসিন্দাদের বমি ও পেটের সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল। জলের জেরেই এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে নামেন স্থানীয়রা। তবে সরকারের তরফে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এরইমাঝে সামনে আসে মৃত্যুর ঘটনা। এর পরই সরব হয় রাজনৈতিক দলগুলি।
অভিযোগ করা হয়, সরকার যদি সময়ে পদক্ষেপ নিত তাহলে এই ঘটনা এড়ানো যেত। সরকারের গাফিলতিতেই এই ঘটনা বলে দাবি করা হয়। জলের বোতল হাতে নিয়ে স্থানীয় পূর্ত দফতরর ঘেরাও করেন তারা। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, গোটা দেশের মধ্যে কিডনি সংক্রান্ত সমস্যায় শীর্ষে পুদুচেরি।
