
গাজায় খাদ্য, পানীয় জল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী রাষ্ট্রপুঞ্জের ট্রাকগুলির নিরাপত্তায় রক্ষী মোতায়েন করেছিল সেখানকার স্বশাসিত কর্তৃপক্ষ। কিন্তু ইজরায়েলি সেনা তাদের উপর ড্রোন হামলা চালিয়ে ছ’জনকে খুন করেছে বলে অভিযোগ।
রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচারের দৌত্যে আড়াই মাস ধরে অবরুদ্ধ গাজায় ১০০টি আন্তর্জাতিক ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু এখনও উত্তর গাজায় কোনও ত্রাণ পৌঁছতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কারণ, ওই এলাকা থেকে প্যালেস্টাইনি বসতি উচ্ছেদের কাজ চালাচ্ছে ইজরায়েলি ফৌজ। সংঘাতের এই আবহে শুক্রবার হামলা চালানো হয়েছে মধ্য গাজার দেইর এল-বালাহে। স্বশাসিত প্যালেস্টাইনি কর্তৃপক্ষের দফতরের অদূরে রাষ্ট্রপুঞ্জের মানবিক সাহায্যবাহী ট্রাকের নিরাপত্তায় মোতায়েন কর্মীদের উপর।
দুর্ভিক্ষপীড়িত গাজায় ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ইতিমধ্যেই সমস্যার মুখে পড়ছেন সাহায্যকারী সংগঠনের সদস্যেরা। ত্রাণ লুটের আশঙ্কা থাকায় ট্রাকগুলির নিরাপত্তায় সশস্ত্র রক্ষী মোতায়েন করা হয়েছিল বলে গাজা স্বশাসিত কর্তৃপক্ষের দাবি।যদিও তেল আভিভের যুক্তি, ওই সশস্ত্র রক্ষীরা আদতে হামাস জঙ্গি। তাই তাদের উপর হামলা চালানো হয়েছে।
