
অগ্নিকাণ্ড, পদপিষ্টকাণ্ডের পর মহাকুম্ভে হট এয়ার বেলুন ফেটে আগুনে ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন ৬ জন পুণ্যার্থী। জানা যাচ্ছে, প্রয়াগরাজের সেক্টর ২০-তে আখড়া মার্গের মাটি থেকে কিছুটা ওপরে উঠতেই হিলিয়াম গ্যাস ভর্তি হাওয়া বেলুন ফেটে যায়।
বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। আহতদের মধ্যে ২ জন হৃষিকেশ, বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দোর ও খারগোনের বাসিন্দা। ঝলসে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার পরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের। আপাতত বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাঁরা। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। এদিকে, কুম্ভে পদপিষ্টে মৃতদের দেহ ত্রিবেণী সঙ্গমের নদীতে ফেলা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করায় সপা সাংসদ জয়া বচ্চনের গ্রেফতারি চেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মা বলেছেন, জয়া বচ্চনের এই ধরণের মন্তব্য দুর্ভাগ্যজনক। এই ধরণের মন্তব্যকে ঘিরে দেশে অস্থিরতা তৈরি হতে পারে। কোভিডের পর এবার মহাকুম্ভে পদপিষ্ট মৃতদেহগুলোকে প্রয়াগরাজের নদীতে ফেলার অভিযোগ করেছিলেন জয়া বচ্চন।
সমাজবাদী পার্টির সাংসদ এবং বিশিষ্ট অভিনেত্রী জয়া বচ্চন বলেছেন, বর্তমানে কোথায় সবচেয়ে বেশি জলদূষণ কুম্ভেই ঘটেছে। কারণ পদপিষ্ট হয়ে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের দেহ নদীতে ফেলা হয়েছে। এর ফলে জল ভয়ংকরভাবে দূষিত হয়েছে। অথচ প্রশাসন এ নিয়ে কিছু বলছে না।
