
অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা রক্ষা বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাদডি হিডমা, তার স্ত্রী সহ তাদের চার সঙ্গী। এক সময়ে হিডমার মাথার দাম উঠেছিল ৫০ লাখ টাকা।
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলার মেরেদুমিল্লির জঙ্গলে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা রক্ষা বাহিনী। সেই সময়েই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ৬ মাওবাদী। সূত্রের খবর, নিরাপত্তা বাহিনী ওই এলাকায় এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছে। আরও জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই হিডমার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তা রক্ষা বাহিনী। তাঁর বিরুদ্ধে অন্তত ২৬টি সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও, ২০১০ সালে দান্তেওয়াড়ার হামলা, ২০১৩ সালে ঝিরাম উপত্যকার হামলা এবং ২০২১ সালে সুকমা-বিজাপুর হামলায় হিডমার বড় ভূমিকা ছিল।
হিডমা মূলত পিপলস লিবারেশন গেরিলা আর্মির নেতা ছিলেন। তিনি ছিলেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির কনিষ্ঠতম সদস্য। বস্তার অঞ্চলের একমাত্র আদিবাসী সদস্য হিসেবে তিনি এই কমিটিতে যুক্ত হয়েছিলেন।। অন্যদিকে, ছত্তীশগড়ের সুকমা জেলাতেও এনকাউন্টারে নিহত হয়েছেন এক মাওবাদী।
