
কাজের টোপ দিয়ে দুই শিশুকে ওড়িশা পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে দুই বিহারের বাসিন্দার বিরুদ্ধে। তবে রেল পুলিশের সহায়তায় পাচারের আগেই শালিমার স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে ছ’জন নাবালক’কে।
ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারী-কে। অভিযুক্তদের নাম নিতিশ কুমার এবং বাবুল কুমার। তাঁরা দু’জনেই বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুই যুবকের সঙ্গে ছ’জন নাবালককে শালিমার স্টেশনের এক নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন লোকজন। সেই সময় কর্তব্যরত আরপিএফ আধিকারিকদের সন্দেহ হয়। তারাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক তদন্তে আরপিএফ-এর অনুমান মানব পাচারের উদ্দেশ্যে ওই নাবালক ছেলেগুলিকে ওড়িশায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের থেকে সাতটি ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে।
আরপিএফ ধৃত যুবকদের শালিমার জিআরপির হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে পাচার এবং শিশু সুরক্ষা আইনে মামলা শুরু করেছে পুলিশ। নাবালকদের নিরাপদ আশ্রয় পাঠানো হয়েছে।








