
লক্ষ লক্ষ টাকা খরচ করে, নিট পরীক্ষায় পাশ করে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। দিল্লি বিস্ফোরণকাণ্ড এবং জঙ্গি মডিউলের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে যাওয়া সেই ডাক্তারি পড়ুয়াদের অবস্থা দিশেহারা।
আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ সিদ্দিকি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা, দিল্লি, জম্মু-কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি এই বিশ্ববিদ্যালয়ে তদন্ত চলাচ্ছে। তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন চলছে। কিন্তু যে ভাবে ক্রমে বিশ্ববিদ্যালয়ের নানা গোপন কীর্তি এবং দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং যে ভাবে ক্রমাগত নানা আইনি জটিলতায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছে আল ফালাহ, তা পড়ুয়া এবং তাঁদের অভিভাবকদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে।
পড়ুয়াদের বেশির ভাগই এখন আতঙ্কে রয়েছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে না তো?আরও যে ঘটনা এই বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়ুয়াদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে তা হল, দিল্লি বিস্ফোরণকাণ্ড এবং ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের বিষয়টিও ঘটনাচক্রে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে।








