
তিন বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়েছে ইরানের সরকার। বিক্ষোভ দমাতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ; চালানো হচ্ছে দমন-পীড়ন।
দেশটির মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর বরাত দিয়ে জানিয়েছে, গত দুই সপ্তাহের বিক্ষোভে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর ১৪ সদস্য রয়েছেন। শুক্রবার ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির নেতারা এক যৌথ বিবৃতিতে বিক্ষোভকারী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে ইরানি কর্তৃপক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ থেকে ১৩ দিন আগে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে সরকার পতনের আন্দোলনে। বিক্ষোভকারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে অবমাননাসূচক স্লোগান দিচ্ছেন, যা দেশটির বাস্তবতায় খুবই বিরল। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক জানিয়েছে গত ২৪ ঘণ্টা ধরে ইরানে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় দেশটিতে বিমানের ফ্লাইট বাতিল হচ্ছে।
