
ভোপালের ৪ জায়গায় ১৮টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৬৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোপালের বেশ কয়েকটি স্পা সেন্টারে রমরমিয়ে যৌনব্যবসা চলার খবর পেয়েছিল পুলিশ।
সেই স্পা সেন্টারগুলি প্রথমে চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৩৫ জন মহিলা রয়েছেন। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরেই তাঁদের কাছে খবর আসছিল শহরের কয়েকটি স্পা সেন্টারে মধুচক্র চলছে। ওই স্পা সেন্টারগুলিতে প্রতি দিনই সন্দেহজনক ভাবে লোকজনের আনাগোনা চলত। তা দেখেই স্থানীয়দের সন্দেহ হয়। শহরের বিভিন্ন থানায় একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। সেই অভিযোগ পাওয়ার পরই অপরাধদমন শাখা, মহিলা থানাগুলিকে সতর্ক করা হয়।
২৫০ জনের একটি দল গঠন করে কমলা নগর, এমপি নগর, হাবিবগঞ্জ এবং বাগ সেওয়ানিয়ার ১৮টি স্পা সেন্টারে তল্লাশি চালানো হলে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সেন্টারগুলি থেকে বহু নথি এবং অশ্লীল জিনিস উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।







