
ওড়িশার কটকে রাজস্ব আধিকারিকের বাড়িতে ভিজিল্যান্স দফতরের হানায় প্রায় ৭৫ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে মঙ্গলবার রাজস্ব দফতরের ওই আধিকারিকের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানে যান ভিজিল্যান্স দফতরের আধিকারিকেরা।
সেই অভিযানে কটকের ওই আধিকারিকের বেশ কয়েকটি ঠিকানা থেকে নগদ ৭৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আধিকারিকের নাম জিতেন্দ্র কুমার পাণ্ডা। কটকের বারাঙ্গায় কর্মরত জিতেন্দ্র।
তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখে স্তম্ভিত তদন্তকারীরাও। ভিজিল্যান্স সূত্রের খবর, ভুবনেশ্বরের জিতেন্দ্রর বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ির হদিস মিলেছে। তার মধ্যে একটি তিনতলা বাড়ি রয়েছে গোপালুনি নগরে। একটি রয়েছে বড়াগড় কলোনিতে। একটি দোতলা বাড়ি রয়েছে খুর্দা জেলার সানাপাল্লা এলাকায়।









