
ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় মৃত ৭। আহত ১। জানা যাচ্ছে , বৃহস্পতিবার গভীর রাতে রামগড় – বোকারো একটি যাত্রীবাহী গাড়ি ও একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, দুটি গাড়িই সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে রামগড় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ১ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সামনে থাকা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। সেই সময় সামনের দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা বেশি থাকায় যাত্রীবাহী গাড়িটি প্রায় সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ট্রাকটি ভুল লেনে চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
