
উত্তরপ্রদেশের মির্জাপুর রেলস্টেশনে টিকিট চাওয়ার কারণে সিআরপিএফ জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কানওয়ার পুণ্যার্থীদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই কর্তব্যরত সিআরপিএফ জওয়ানকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৭ কানওয়ার যাত্রীকে।
জানা গিয়েছে, একদল কানওয়ার যাত্রী ব্রহ্মপুত্র মেল ট্রেনটি ধরতে যাচ্ছিলেন। এই সময়ে ওই সিআরপিএফ জওয়ান তাদের কাছে ট্রেনের টিকিট দেখতে চান। এরপরই গেরুয়া পোশাকধারী কানওয়ার যাত্রীরা তাঁর উপরে হামলা করে। মারধোর করে টেনে মাটিতে ফেলে ওই জওয়ানকে।
তারপর চলে কিল-চড়, লাথি। স্টেশনে উপস্থিত যাত্রীরা হাঁ করে দেখেন গোটা ঘটনা। পরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং আক্রান্ত সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করে। কানওয়ার যাত্রীদের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। ৭ জনকে গ্রেফতারও করা হয়।









