
পাঞ্জাবে পিকআপ ভানের সঙ্গে এলপিজি ট্যাঙ্কারের সংঘর্ষ-বিস্ফোরণে ঝলসে প্রাণ হারিয়েছেন সাত জন। জখম হয়েছেন ১৫ জন। পাঞ্জাবের হোসিয়ারপুর-জলন্ধর সড়কে মাণ্ডিয়ালা আড্ডার কাছে এই ঘটনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারটি ঘোরার চেষ্টা করছিল। সে সময় পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। তার জেরে বিপত্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ট্যাঙ্কারের চালক সুখজিৎ সিংহ, বলবন্ত রায়, ধর্মেন্দ্র বর্মা, মনজিৎ সিংহ, বিজয়, যশবিন্দর কৌর এবং আরাধনা বর্মা। ধর্মেন্দ্র এই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে অমৃতসরের হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকেরা। পথে তাঁর মৃত্যু হয়।
আহত কয়েক জনকে হাসপাতাল থেকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বিস্ফোরণের জেরে ট্যাঙ্কারের চালক ছাড়া ওই এলাকায় তখন যারা ছিলেন, তারা গুরুতর আহত হয়েছেন। আগুনের আঁচে পুড়েছে আশপাশের বাড়িঘরও।








