
ঘূর্ণিঝড় ফেঙ্গালের দাপটে বিপর্যস্ত তামিলনাড়ু এবং পুদুচেরি। তামিলনাড়ুতে এই দুর্যোগে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সাত জনের।
তিরুভান্নামালাইয়ে বৃষ্টির জেরে ধস নামায় পাহাড় থেকে পাথর গড়িয়ে একটি বাড়ির উপর পড়ে। গুঁড়িয়ে যায় বাড়িটি। ঘটনায় পাঁচ শিশু-সহ এক পরিবারের সাত জন আটকে পড়েন। মঙ্গলবার ৭ জনের দেহ উদ্ধার হয়েছে।বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চল। নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। গ্রামের পর গ্রাম জলের তলায়। তবে বৃষ্টি এখনই থামার কোনও লক্ষণ নেই বলে মৌসম ভবনের পূর্বাভাস। ইতিমধ্যেই ১৫টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলমগ্ন এলাকাগুলিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ বিভিন্ন উদ্ধারকারী দল। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের ধর্মপুরী, কৃষ্ণগিরি, রানিপেট, ভেলোর, তিরুপাথুরে ব্যাপক ক্ষতি হয়েছে। ৬৯ লাখ পরিবার এবং দেড় কোটি রাজ্যবাসী এই দুর্যোগে ক্ষতির মুখে পড়েছেন। একদিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভিলুপুরম, তিরুভান্নামালাই এবং কল্লাকুরিচি জেলা। ফলে জলের নীচে এই জেলাগুলির বিস্তীর্ণ অঞ্চল।
শুধু তামিলনাড়ু নয়, পুদুচেরিতেও অবস্থা ভয়াবহ। সেখানেও তিন জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। পুদুচেরির বহু এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। বন্ধ রয়েছে স্কুল, কলেজ।







