
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনার একটি ঘাঁটিতে শুক্রবার আত্মঘাতী জঙ্গি হামলায় ৭ জওয়ানের মৃত্যু হয়েছে। অভিযোগ ওই সেনাঘাঁটির দেওয়ালে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে ধাক্কা মারে জঙ্গিরা।
যদিও পাকিস্তানের সেনা কারও মৃত্যুর কথা স্বীকার করেনি। সেনাঘাঁটিতে জঙ্গি হামলার কথা মেনে নিয়ে তাদের দাবি, সকল জঙ্গিকেই হত্যা করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর তিনজন জঙ্গি সেনাঘাঁটিতে প্রবেশের চেষ্টা করছিল। তাদের গুলি করে হত্যা করা হয়েছে। শেষ দু দিনের আফগান তালিবানের ৮৮ জন জঙ্গি পাকিস্তানি সেনার হাতে নিহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের। গত কয়েক দিন ধরে তালিবানশাসিত আফগানিস্তানের সঙ্গে সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষিত হয়েছিল। তা শুক্রবার শেষ হওয়ার কথা।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তালিবানকে তাদের বিরুদ্ধে লড়াইয়ে মদত দিচ্ছে ভারত। এই দাবি উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাক-আফগান দ্বন্দ্বের দিকে নজর রাখা হয়েছে। আফগানিস্তানের পাশেই দাঁড়িয়েছে নয়াদিল্লি। বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দেয়। তার পর প্রতিবেশীদের দোষারোপ করাও তাদের পুরনো স্বভাব।








