
আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি সেনার গোলাবর্ষণে নিহত হয়েছে অন্তত সাত জন পড়ুয়া এবং শিক্ষক। অন্তর্বর্তী সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক ফৌজ সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে বলে মঙ্গলবার অভিযোগ তুলেছে আফগানিস্তানের শাসক তালিবান।
তাদের অভিযোগ পাক সেনার গোলাবর্ষণে সীমান্তবর্তী কুনার বিশ্ববিদ্যালয়ে সাত জন পড়ুয়া ও শিক্ষক নিহত হয়েছেন। পাক ফৌজ গোলাবর্ষণের অভিযোগ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তাদের দাবি, তালিবানের হামলায় খাইবার-পাখতুনখোয়া প্রদেশে তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। গত অক্টোবর থেকে কাতার, তুরস্ক ও সৌদি আরবে চার দফা শান্তি আলোচনা হলেও পাক-আফগান সম্পর্কে উত্তেজনার আঁচ কমেনি।
গত এক বছরে দফায় দফায় দু’তরফের সংঘর্ষ হয়েছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান-সহ জঙ্গি গোষ্ঠীগুলি আফগান তালিবানের একাংশের মদতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ।
