
চলতি বছরে জম্মু-কাশ্মীরে অন্তত ৭৫ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। বছর শেষের মুখে এমনটাই জানিয়েছেন সেনার এক আধিকারিক।
তাঁর আরও দাবি, নিহত জঙ্গিদের মধ্যে ৬০ শতাংশই পাকিস্তানের।তাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময়, ২৬ জনের মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে। কাশ্মীরের ন’টি জেলায় জঙ্গিদমনে উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দিয়েছে নিরাপত্তা বাহিনী। এরমধ্যে বারামুলায় সর্বাধিক সংখ্যক হতাহতের ঘটনা নথিভুক্ত হয়েছে। ন’টি পৃথক এনকাউন্টারে সেখানে ১৪ জন জঙ্গির মৃত্যু হয়েছে। সেনার দাবি, স্থানীয় জঙ্গিগোষ্ঠীগুলি উপত্যকা থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছে। অনুপ্রবেশকারী বিদেশি জঙ্গিদেরও কড়া হাতে দমনের চেষ্টা করা হচ্ছে।জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের সময় থেকে একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনা ঘটেছে।
বদলেছে নাশকতার ছকও। উপত্যকার যে অঞ্চলগুলিতে আগে খুব বেশি জঙ্গি কার্যকলাপ দেখা যেত না, সেই অঞ্চলগুলিতেও নাশকতার ঘটনা ঘটছে।
