
সুদানের দক্ষিণ কর্ডোফানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আরএসএফের ড্রোন হামলায় মৃত ৪৩ শিশুসহ প্রায় ৭৯ জন। আহত হয়েছেন আরও ৩৮ জন।
দক্ষিণ কর্ডোফান রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে,বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরকে লক্ষ্য করে চালানো এই হামলায় নিহতদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন। শুক্রবার সুদানের কর্তৃপক্ষ হামলার ঘটনা নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোনটি শহরের একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কর্ডোফান রাজ্য সরকার। তারা দাবি করেছে যে এই জঘন্য হামলার জন্য আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। ইউনিসেফ এক বিবৃতি জারি করে এই ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে।






