
৪দিন ধরে সপ্তম শ্রেণীর কিশোর নিখোঁজ থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাট এলাকায়। জানা গিয়েছে, রাজারহাট রাইগাছি মুন্সি পাড়ার বেলতলার বাসিন্দা বছর ১৩-র শেখ সামির সকালে টিফিন আনতে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে।
সারাদিন খোঁজ করেও হদিশ না পেয়ে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কিন্তু পরিবারের অভিযোগ, ৪দিন ধরে ছেলেকে খোঁজার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, স্থানীয় যুবক তাজউদ্দিনের সঙ্গেই ওই কিশোরকে দেখা গিয়েছিল। এরপরেই স্থানীয়রা তাজউদ্দিন ও তার এক আত্মীয়কে মারধর করে। জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ২ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাজউদ্দিন এই কাজ করেছে। ১৮ নভেম্বর কিশোরের মায়ের কাছ থেকে তাজউদ্দিন হাজার টাকা ধার চাইতে এসেছিল।কিন্তু সামিরের মা তাকে সেই টাকা দেননি। তারপরেই তাজউদ্দিনের সঙ্গে কিশোর শেখ সামির টিফিন কিনতে বেরিয়েছিল।
তারপরেই আর বাড়ি ফেরেনি শেখ সামির। পরিবারের সন্দেহ যে টাকা ধার না দেওয়ায় তাজউদ্দীন এই কাজ করেছে। কিশোরের খোঁজ পেতে তাজউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
