
অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালদোনার কাছে ভোররাতে একটি ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ।
ভয়াবহ এই পথ দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও প্রায় ১০ থেকে ১২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ন্যাশনাল হাইওয়ে ১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছাকাছি দুর্ঘটনা ঘটে। একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে ছিটকে পড়ে ভ্যান। উল্টে যায় ট্যাঙ্কারও। জানা গিয়েছে, পিকআপ ভ্যানে ছিলেন ২১ জন তীর্থযাত্রী। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা, তিন বছরের এক শিশুকন্যা ও দু’জন পুরুষ।
আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কয়েকজনকে কুর্নুলের হাসপাতালে রেফার করা হয়েছে।
