
এক মহিলাকে হেনস্থা করার অভিযোগে পশ্চিমবঙ্গের ৮ পরিযায়ী শ্রমিককে অর্ধনগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে ওড়িশার সুন্দরগড়ে। অর্ধনগ্ন করে হাঁটানোর পাশাপাশি তাঁদের মারধরও করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে কাজের সূত্রে ওড়িশায় গিয়েছিলেন ওই ৮ শ্রমিক। সুন্দরগড়ের একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন ওই ৮জন শ্রমিক। স্থানীয় এক মহিলার অভিযোগ, স্নান সেরে ফেরার পথে ওই শ্রমিকদেরই একজন তাঁকে হেনস্তা করেছে। বিষয়টি জানাজানি হতেই শ্রমিকদের ওপরে হামলা চালিয়েছে স্থানীয়রা। শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগের জেরেই জনরোষের মধ্যে পড়েছেন ওই আট জন। ক্ষিপ্ত জনতা তাঁদের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ওই ৮ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, পরিযায়ী শ্রমিকদের মারধর করা এবং অর্ধনগ্ন করে হাঁটানোর অভিযোগে ১০ জনের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








