
বিহারের নালন্দা জেলায় এক মর্মান্তিক ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় শীতলা মন্দিরে হঠাৎই পুণ্যার্থীদের মধ্যে পুজো দেওয়াকে কেন্দ্র করে ঠেলাঠেলি শুরু হয়। এই সময় পদপিষ্ট হয়ে আটজন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
১২ জন পুণ্যার্থী গুরুতর জখম হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি মঙ্গলবার শীতলা মায়ের মন্দিরে পূজা-অর্চনার জন্য ভক্তদের বিশাল সমাগম ঘটে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় ভক্তদের ভিড় ছিল অত্যন্ত বেশি। মন্দিরের প্রাঙ্গণেই হঠাৎ করে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে।আতংকিত মানুষজন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করে দেয়। বিশৃঙ্খলার মধ্যে ভিড়ের চাপে পিষ্ট হয়ে বেশ কয়েকজন মহিলা গুরুতর আহত হন। তাঁদের মধ্যে আটজন ঘটনাস্থলেই মারা যান।পুলিশের প্রাথমিক অনুমান মৃতের সংখ্যা বাড়বে।
আহতদের কয়েকজনকে পার্টনায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেসে ভর্তি করানোর চেষ্টা চলছে।এদিকে অভিযোগ,ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশ মন্দিরে ছিল না। যদিও এই মঙ্গলবার যে অন্যান্য সপ্তাহের তুলনায় অনেক বেশি ভিড় হবে তা জানাই ছিল। উপস্থিত পুলিশ ভিড় সামাল দিতে পারেনি। তার ফলে একপর্যায়ে পুরো হুড়োহুড়ি থেকে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। উল্লেখ্য,নালন্দা হল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজনীতির কর্মভূমি। এই জেলারই বাঢ় বিধানসভার হরনৌতের আদি বাসিন্দা তিনি। জানা যাচ্ছে, শীতলা মন্দিরটি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের অদূরে অবস্থিত।
