
সময় যত গড়াচ্ছে ততই উৎকণ্ঠা আর উদ্বেগ বাড়ছে তেলেঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকে থাকা আট শ্রমিককে ঘিরে। ইতিমধ্যেই আটকে থাকা শ্রমিকদের বার করে আনতে র্যাট হোল মাইনার’দের ডাক পড়েছে। মঙ্গলবার আরও একটি দল এসে পৌঁছেছে। ঘটনাচক্রে, র্যাট হোল মাইনার’দের এই দলের নেতৃত্বে রয়েছেন মুন্না কুরেশি। তাঁর উপরই এখন ভার পড়েছে আটক শ্রমিকদের জীবিত এবং সশীরের ফিরিয়ে আনার।
মুন্না নিজে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। সুড়ঙ্গের ভিতরে কী অবস্থা, কোথায় শ্রমিকেরা আটকে রয়েছেন, তা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। এই মুন্না এবং তাঁর দলবলই উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিকের ত্রাতা ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ সুড়ঙ্গের একাংশে ধস নামে। তাতেই সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে গিয়েছেন আট শ্রমিক। তাঁদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের ভিতরে জল এবং কাদা ভরে গিয়েছে।
