
সুইজারল্যান্ডে ৫০টি দেশের রাষ্ট্রপ্রধানসহ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধিরা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেছেন। তারপর যৌথ বিবৃতিও জারি হয়েছে।
৮০টির বেশি দেশ এক যৌথ বিবৃতিতে সই করলেও ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো কিছু দেশ এর অংশ হয়নি।ইউক্রেনে শান্তি আনার জন্য এ রকম সম্মেলন এই প্রথম।সুইজারল্যান্ডে পাহাড়ের ঢালে বিলাসবহুল ও ঐতিহাসিক রিসোর্টে সব প্রতিনিধি ছিলেন।এতজন রাষ্ট্রনেতাকে এক জায়গায় আনা ও শান্তি আলোচনা করার পেছনে কতটা কূটনৈতিক প্রয়াস লাগে তা সহজেই অনুমান করা যায়।তবে রাশিয়াকে এই বৈঠকে ডাকা হয়নি এবং চীন এই বৈঠক বয়কট করে।সুইজারল্যান্ড জানিয়েছে,তারা ভবিষ্যতে শান্তির দীর্ঘ রাস্তায় চলার জন্য একটা ভিত্তি প্রস্তুত করতে চেয়েছে।অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা।সব মহাদেশের প্রতিনিধিসহ এতজন রাষ্ট্রপ্রধানের যোগদান অবশ্যই একটা বড় ঘটনা।কয়েক মাস ধরে কূটনৈতিক চেষ্টার ফলেই তা সম্ভব হয়েছে।দু’ দিন ধরে এই বৈঠকে ইউক্রেনে শান্তি নিয়ে আলোচনা হয়েছে।কেনিয়ার প্রেসিডেন্ট মস্কোর নিন্দা করার পরও বলেছেন, যুদ্ধে জড়িত সব পক্ষকে নিজেদের মনোভাব নরম করতে হবে।সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সমঝোতার পথ বেশ কঠিন।এদিকে,আলোচনার পর বিবৃতি দেওয়া হয়। যৌথ বিবৃতিতে সই করেছে ৮০টিরও বেশি দেশ। আমেরিকা, ইইউর সব দেশ, ঘানা,কেনিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়া, ফিলিপাইন, কাতার,গুয়াতেমালার মতো দেশগুলো তাতে সই করেছে।
