
উত্তরপ্রদেশের এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায়, খসড়া তালিকার তুলনায় ৮৪ লক্ষ ভোটার বেড়েছে। বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। তবে এসআইআর প্রক্রিয়া শুরুর আগের তালিকার তুলনায় মোট ভোটার প্রায় ২ কোটি কমেছে।
উল্লেখ্য আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন।শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক ,সিইও নবদীপ রিনওয়া সাংবাদিক বৈঠক করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে সম্পূর্ণ স্বচ্ছ ভাবে আইন মেনে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট আইনি পদ্ধতি না মেনে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। ৬ জানুয়ারি উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন।
সেই তালিকায় ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জনের নাম ছিল। এই তালিকা নিয়ে আপত্তি, অভিযোগ বা আবেদন জানানো এবং সেগুলি নিষ্পত্তির জন্য দু’মাস সময় দেওয়া হয়েছিল। তার পর যে চূড়ান্ত তালিকা কমিশন প্রকাশ করেছে, তাতে মোট ভোটার দাঁড়িয়েছে ১৩ কোটির বেশি। মোট ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৬৭ জন ভোটার বেড়েছে খসড়া তালিকার সংখ্যা থেকে।কমিশনের মতে, নির্বাচন সম্পর্কে সচেতনতা এবং এসআইআর নিয়ে প্রচারমূলক কর্মসূচির সাফল্য এই পরিসংখ্যান।







